গল্পের জন্য কোথাও যেতে হয় না, গল্পই অবিরাম ভাবায়। গল্প তো ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে জীবনের সবটাতেই। তাই অসংখ্য গল্প লেখার পরও পেছন ফিরে তাকালেই চলে সংযোজন আর বিয়োজন। তৈরি হয়ে যায় আর এক গল্প। গল্প লিখতে লিখতে আমি কেবল গল্প বলতে ভালোবাসি।
এই বিশ্বায়নের যুগে ভাবনার তো অনেক অবকাশ, ক্ষেত্র রয়েছে। আমি ভাবতে চাই না, আমি গল্প বলি। যেখানে হয়তো কোনো নির্দিষ্ট দর্শন থাকে না, মনে রাখার কোনো প্রয়োজন পড়ে না। পাঠক গল্প পড়বেন, আবার ভুলে যাবেন; তৈরি হবে নতুন আর এক গল্প পড়ার জন্য।
আমি এইসব পাঠকের জন্যই লিখি। আমার লেখা তাদের কাছে পৌঁছালেই আমি খুশি। আমার অতৃপ্ত কলমের এটাই পুঁজি। “জলরঙে আঁকা জগৎ” বিভিন্ন পত্রিকায় প্রকাশিত আমার গল্পসংকলনের একটি অংশ।